আমি ফিরে যেতে চাই | মাহামুদ দীপক
ইস্পাতের এই নগরসভ্যতা ছেড়ে, আমি ফিরে যেতে চাই !
সবুজ শ্যামল, ছায়া-সুনিবিড় সেই প্রকৃতির মাঝে…
ব্যস্ত নাগরিক কোলাহল ছেড়ে, আমি ফিরে যেতে চাই !
যেখানে সকাল-সাঁঝে কোকিল ডাকে, সরিষা ফুলে ফড়িং নাচে।
হাই হিলা, শর্ট স্কার্টে ফুটপথে ছুটে চলা
মেমদের, এই শহর ছেড়ে আমি ফিরে যেতে চাই !
যেখানে কোমরে কলসি বেঁধে,
গ্রামের বধূ নিঃশব্দে নেমে চলে দিঘির ঘাটে।
গ্লাসঘেরা শীতল ঘরে টেবিলভরা নির্জীব দিন ছেড়ে,
আমি ফিরে যেতে চাই !
যেখানে বিরামহীন ধানক্ষেতে
একাকী দাঁড়িয়ে থাকে একটি মাত্র কাকতাড়ুয়া।
চার দেওয়ালের এই জটিলতা ছেড়ে আমি ফিরে যেতে চাই !
যেখানে কৃষাণীরা আইল বেয়ে হেঁটে চলে হেঁসেলের বাসন হাতে
মুখে লেগে থাকে নরম এক চিরচেনা হাসি।
আশি কিলোমিটার গতির এই বেপরোয়া
ব্যাস্ততার স্টিয়ারিং ছেড়ে, আমি ফিরে যেতে চাই !
যেখানে মেঠোপথে গরুর পাল ধীর পায়ে হেঁটে চলে…
কৃষকের অপেক্ষায়।
নিয়ন আলোর ঝলমলে এই শহর ছেড়ে আমি ফিরে যেতে চাই !
যেখানে জেলে পাড়ার মাঝিরা
জালভরা নৌকা বেয়ে যায় নদীর বুক চিরে।
যেখানে..
কোমরে গামছা কষে, কাঁধে ঠিলা তুলে
গাছিরা ওঠে খেজুর গাছে, ভোরের আলোয়…
আর সন্ধ্যা নামলে রাখাল বালক
গরুর পাল নিয়ে ফিরে আসে গোয়াল ঘরে।
আর আমি…?
আমি তখনও দাঁড়িয়ে থাকি, এই ইস্পাতের নগরে,
নিয়ন আলোর নিচে… একা।
চারপাশে শুধু চেনা শব্দ, আর অচেনা মুখের ভিড়
তবুও বুকের ভেতর নিরবেই বাজে সেই ডাক
আমি ফিরে যেতে চাই…আমি… ফিরে যেতে চাই!
পাঁচই মে, ২০২৬ ....মাহামুদ দীপক।।

0 মন্তব্যসমূহ
Thanks for your valuable Comments.