একই রক্তের পৃথিবী | Mahmud Dipok

 একই রক্তের পৃথিবী

ফুটপথে শুয়ে থাকা ক্ষুধার্ত এক শিশু,
ধুলো মাখা মুখে তার জীবনের কলঙ্ক-পিছু,
চোখে জমে আছে হাজারো প্রশ্নের আগুন
এই পৃথিবীতে তার নেই যেন কোনো ফাগুণ।
এক টুকরো শুকনো রুটি, আর আধপোড়া ভাত,
এই নিয়েই বাঁচে তার জীবনের পাঠ,
পেট ভরলেই হাসে, স্বপ্নজ্বলা চোখে,
হাস্যজ্জ্বল অপলক তাকিয়ে থাকে নীরব, নিঃশোকে।
অন্যদিকে দাঁড়িয়ে থাকা ক্ষমতার পাহাড়,
লোভের সিংহাসনে বসে অন্ধ অহংকার,
দুনিয়া দখলের নেশায় উন্মত্ত মাথা,
মানুষ নয় লাভই যেখানে শেষ কথা।
একই রক্ত বইছে সবার শিরায়,
একই প্রাণ বাঁচে আমৃত্যু একই ধরায় ,
তবু কেন একজনের মাটি নেই পায়ে,
আরেকজন আকাশ বন্দি করতে চায় নিজ গাঁয়ে।
যার আছে সে চায় আরো, আরো, আরো,
স্বর্ণের সাগরেও তৃষ্ণা মেটে না তারও,
অস্ত্র, রাজ্য, ক্ষমতা রক্তে লেখা নাম,
বিবেক সেখানে বন্দি, মানবতা হারাম।
যার নেই তার চাওয়াও নেই, শুধু একমুঠো ভাত,
একটুখানি ঘুম, আর একটু নিরাপদ রাত,
পেট ভরলেই সে বলে “আজ আমি বাঁচি”,
তার সুখের সংজ্ঞা কত ছোট, তবু কত সাঁচি!
এই অর্থের বৈষম্য, এই হিংসার জ্বর,
এই বিদ্বেষ ছড়ায় যেন বিষের আস্তর,
রাজ্য জয়ের উন্মাদনায় রক্তের বান,
শিশুর কান্নায় ডুবে যায় সভ্যতার গান।
ধর্মের নামে, জাতের নামে, পতাকার ঢাল,
মানুষই মানুষকে বানায় আজ পণ্য-দালাল,
যুদ্ধের ডাক, ক্ষমতার দম্ভ, পুন্যতা পায় মনবাসনা
শান্তি আজ ফুটপাথে, ক্ষুধার্ত শিশু নাম অজানা।
শোনো মানুষ—প্রকৃতি নীরব নয়,
তারও সহ্যের আছে এক সীমার ভার,
ঝড় তার চিৎকার, আগুন তার ভাষা,
অন্যায়ের হিসাব সে নেয়ই—হাজারে হাজারে খাজনা।
এখনো সময় আছে—ভাঙো লোভের শিকল,
মানুষ হও, ফেরাও মানবতার বিকল,
ফুটপথের শিশুর চোখে তাকাও আজ,
সেখানে লেখা আছে সভ্যতার লজ্জাজনক ইতিহাস।
এক আকাশ, এক পৃথিবী, এক মানবজাত,
এই শপথ নাও—থামাও তোমার রক্তাক্ত হাত,
মানবতার গান শুনো, হৃদয় খুলে দাও,
প্রেম আর সহানুভূতির আলো ছড়িয়ে যাও।
নচেৎ ইতিহাস লিখবে আগুনের কালি,
বলবে—মানুষই মানুষকে করেছে খালি।
বিঃ দ্রঃ - পোষ্টের ছবিটি Ai দ্বারা নির্মিত.
.....................................মাহমুদ দীপক, দশ, জানুয়ারি ছাব্বিশ।
একই রক্তের পৃথিবী | Mahmud Dipok


0 মন্তব্যসমূহ