মানুষ যখন অমানুষ হয় | মাহমুদ দীপক

 মানুষ যখন অমানুষ হয়।

বনের বাঘ কি বাঘের মাংস সানন্দে কভু খায়?
বিষধর সাপ স্বগোত্র দংশিতে কভু কি ধায়?
অরণ্যের মাঝে যে হিংস্র পশুর আদিম বসবাস—
তারাও করে না আপন স্বজনের কভু সর্বনাশ।
অথচ এই নগরে, সভ্য মানুষের ভিড়ে—
মানুষই মত্ত আজ মানুষের টুঁটি চেপে ধরে।
স্বল্প সময়ের এই জীবন যেন, ভোরের শিশির কণা,
কেন তবে বাড়ে এত জেদ আর মিথ্যের জেদপনা?
সীমানার তারে বিদ্ধ আজ অবোধ মানবতা,
কামানের গোলার শব্দে চাপা পড়ে শিশুর নির্মম নীরবতা।
সন্তানহারা মায়ের কান্না বিষিয়ে তোলে আকাশ,
মানুষেরই হাতে মানুষের হয় জীবনের বিনাশ।
যুদ্ধের বিভীষিকায় পুড়ে ছাই হয় স্বপ্ন সবুজ বন,
হানাহানি বাড়ে শুধু কষ্ট আর দহন।
একই মাটির মানুষ মোরা, একই সূর্যের আলো,
তবে কেন একে অন্যের তরে বিষ মাখালো?
হিংসা দিয়ে কি গড়েছে কেউ শান্তির কোনো নীড়?
রক্তের নেশায় কেন আজ, মানুষেরা অস্থির?
শোনো হে বিবেক, শোনো হে মানুষ—এখনো সময় আছে,
ক্ষমা ও মায়া বড় হয়ে উঠুক ঘৃণার পাহাড় পিছে।
হাতের অস্ত্র ছুড়ে ফেলে আজ ধরো, একে অন্যের হাত,
ভালোবাসার ভোরে ঘুচুক এই নিঝুম কালো রাত।
নৃশংসতা ছেড়ে ফিরে এসো মমতার সুশীতল ছায়ায়,
জীবনটা ভরে নাও শুধু নিখাদ ভ্রাতৃত্ব আর মায়ায়।
মানুষ বাঁচুক মানুষের হয়ে, ভালোবাসার তরে—
শান্তির প্রদীপ জ্বলুক আজ প্রতিটি মানুষের ঘরে।
"আসসালামু আলাইকুম/নমস্কার।
সৃষ্টির সেরা জীব হিসেবে আমরা নিজেদের দাবি করি। অথচ প্রকৃতির এক অদ্ভুত সত্য হলো—কোনো বন্য প্রাণীই নিজের গোত্রের প্রাণীকে অকারণে হত্যা করে না। কিন্তু আমরা মানুষ, শ্রেষ্ঠত্বের বড়াই করলেও আজ নিজেদের রক্তের স্রোতে ভাসছি। ক্ষমতা, লোভ আর যুদ্ধের নেশায় আমরা ভুলে গেছি জীবনের নশ্বরতা। ভুলে গেছি এক শিশুর আর্তনাদ কিংবা একজন মায়ের বুকফাটা কান্না।
স্বল্প সময়ের এই ছোট্ট জীবনে হানাহানি নয়, বরং ভালোবাসা আর মমতাই হতে পারে আমাদের শ্রেষ্ঠ পরিচয়। সেই উপলব্ধি থেকেই আজ আমার এই খুদ্র প্রয়াস— 'মানুষ যখন অমানুষ হয়'।" মাহমুদ দীপক, নিউ ইয়র্ক ।

Mahmud Dipok


0 মন্তব্যসমূহ